তিনজন বাংলাদেশিকে ফেরত দিল বিজিপি
মিয়ানমার থেকে গতকাল মঙ্গলবার সকালে তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
তাঁরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মো. রুবেল (২৬), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মো. আকতার (২৫) ও মো. ইব্রাহীম (৩০)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর স্লুইসগেট দিয়ে একটি মাছ ধরার নৌকায় ছয়জন লোক দেখে টহলরত বিজিবির সদস্যরা সংকেত দেন। নৌকায় তল্লাশি চালানের একপর্যায়ে তাঁরা জানান, মিয়ানমার থেকে সাজা শেষ করার পর বিজিপির সদস্যরা তাঁদের নৌকায় তুলে দিয়েছেন।
ফেরত আসা তিনজন জানান, ২০১২ সালের শেষের দিকে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে তাঁরা মিয়ানমারে আটক হন। পরে তাঁদের প্রত্যেককে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগ শেষে গত সোমবার তাঁদের জেল থেকে মংডু শহরে নিয়ে এসে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। পরে গতকাল সকালে একটি মাছ ধরার নৌকায় তাঁদের তুলে দেওয়া হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, ১৯৮০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উভয় দেশে আটক কোনো ব্যক্তির সাজার মেয়াদ শেষ হলে চিঠি দিয়ে নিজ নিজ দেশের সীমান্তরক্ষীকে জানানোর কথা। কিন্তু বিজিবি সেটি না করে তিনজনকে নৌকায় তুলে দেওয়ায় বিজিবির কাছে একটি প্রতিবাদ পাঠানো হচ্ছে এবং আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই করার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, ওই তিনজনের নাগরিকত্ব যাচাই-বাছাই করে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।