ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার খসরুবাগে জোড়া খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গত শনিবার রাতে ওই জোড়া খুনের ঘটনার সময় পোলট্রি ফিড মার্কেটে দায়িত্বরত নৈশপ্রহরী ফরহাদ হোসেনকে গতকাল মঙ্গলবার সকালে সাভারের উলাইল এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, শনিবার রাতে জবাই করা জোড়া লাশ দেখে তিনি ভয়ে আত্মগোপন করেছিলেন। তিনি এ ঘটনায় জড়িত নন।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার প্রথম আলোকে জানান, হত্যার ঘটনায় ফরহাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় আপাতত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সাভার থানার পুলিশ জানায়, জোড়া খুনের ঘটনার পর গত রবি ও সোমবার পুলিশ সাভারের খসরুবাগ এলাকার কালা (১৮), রাজফুলবাড়িয়ার বিপ্লব হোসেন (২৩), ব্যাংক কলোনির হানিফ (২২) ও ছোট বলিমেহের এলাকার লাকীকে (৪০) গ্রেপ্তার করে। এর মধ্যে কালা, বিপ্লব ও হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার বিচারিক হাকিম আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর লাকীকে সোমবার রাতে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসআই হারেজ শিকদার বলেন, কালা, বিপ্লব ও হানিফের বিরুদ্ধে সাভার থানায় তিন থেকে চারটি করে হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। আর লাকী অন্তত পাঁচটি মাদকের মামলার আসামি। এসআই হারেজ আরও জানান, জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কালা। তবে অন্যরা নিজেদের নির্দোষ বলে দাবি করছেন। আর লাকী জোড়া খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম বলেছেন। প্রসঙ্গত, গত রোববার সকালে খসরুবাগের পোলট্রি ফিড মার্কেটের পেছন থেকে নৈশপ্রহরী বুলবুল ও আলমগীরের জবাই করা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মর্গ থেকে বুলবুলের আত্মীয়রা তাঁর লাশ নিয়ে গেলেও আলমগীরের লাশ সেখানেই রয়েছে। এ ব্যাপারে আলমগীরের বাবা আদর আলী প্রথম আলোকে জানান, ১৫ বছরেরও বেশি সময় ধরে আলমগীর হেরোইন সেবন করে। এ মাদকের কারণেই তাকে খুন হতে হয়েছে। এ কারণে পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী মর্গ থেকে তাঁর লাশ আনা হয়নি।