তিনজন রিমান্ডে, এক ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত নাজমুস সাকিবের বাড়ি দেবীগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ছাত্র। ঘটনার কয়েক দিন আগে তিনি বাড়িতে আসেন।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব আলী বলেন, সাকিবকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।
সাকিবের বাবা আবদুল খালেক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত সোমবার দুপুরে পুলিশ তাঁদের বাসা থেকে সাকিবকে নিয়ে যায়। পুলিশ তাঁকে ছেড়েও দিচ্ছে না, কিংবা আদালতেও হাজির করছে না।
২৪ ঘণ্টার বেশি সময় পুলিশি হেফাজতে আটকে রাখার ব্যাপারে যোগাযোগ করা হলে সহকারী পুলিশ সুপার (সদর) মো. কফিলউদ্দিন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে বেশি সময় রাখা যায়।
গতকাল তিন আসামি খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে করা দুই মামলায় প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন হত্যা মামলায় ১০ দিন করে এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ দিন করে তিন আসামিকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার তিন দিন পরও এ হত্যাকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
তবে মামলার তদন্ত তদারক দলের প্রধান ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে।
দেবীগঞ্জের সোনাপাতা এলাকার শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গত রোববার সকালে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল রাজধানীতে সিপিবি-বাসদ জোটের এক সভায় এ উদ্বেগ জানানো হয় বলে জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।