তিনজন রিমান্ডে নিজাম হাজারী সৌদি আরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় যুবলীগ-ছাত্রলীগের তিনজন কর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ এর মধ্যে যুবলীগের মো. কাউছার ও ছাত্রলীগের ছায়েদুল করিম ওরফে পবনকে দুদিন করে এবং যুবলীগের আবু বকরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এই তিনজনের রিমান্ড মঞ্জুর করেন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীন৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের মধ্যে বিএনপি নেতা মাহতাবউদ্দিন (মিনার চৌধুরী) ছাড়া বাকিরা প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী হিসেবে পরিচিতি৷
নিজাম হাজারী সৌদি গেছেন: একরাম হত্যার ঘটনায় আলোচনায় আসা ফেনী-২ আসনে সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গতকাল রোববার বিকেলে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব গেছেন৷ তিনি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি গেছেন বলে তাঁর পারিবারিক সূত্র থেকে জানা গেছে৷