তিনজন শিক্ষক পদায়নের আশ্বাস, অবরোধ স্থগিত
বান্দরবানের রুমায় শিক্ষকের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি গতকাল রোববার স্থগিত করা হয়। অবিলম্বে রুমা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে তিনজন শিক্ষক পদায়নের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আটজন শিক্ষক দেওয়া না হলে আবারও লাগাতার অবরোধ কর্মসূচি দেওয়া বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমঞ্চদ কবীর বলেছেন, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। এতে গতকাল তিনজন শিক্ষক পদায়ন করা হয়েছে বলে জানানো হয়। কয়েক দিনের মধ্যে আরও শিক্ষক পদায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন। উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক লুপ্রু মারমা বলেছেন, বৈঠকে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও তাঁদেরকে শিক্ষক পদায়নে শিক্ষা প্রশাসনের কথা অবহিত করেছেন। তাঁদের অনুরোধে অবরোধ কর্মসূচি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিষয়ভিত্তিক কমপক্ষে আটজন শিক্ষক দেওয়া না হলে আবারও লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে লুপ্রু হুমকি দিয়েছেন।