জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থীরা বিজয়ী না হওয়ায় ক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা তাঁদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতে উপাচার্য ছাত্রলীগের চার কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছেন।মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন: ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের মেজবাউর রহমান, আফজাল জাহান ও ৩৯তম ব্যাচের নাহিদুর রহমান।ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচন হয়। সুষুম ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করেন ওই তিন ছাত্র। নির্বাচন চলাকালে একজন জাল ভোটারকেও শনাক্ত করেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, নির্বাচনে ছাত্রদল-সমর্থিত খসরু নোমান ভিপি ও আলবেরুনী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম জিএস নির্বাচিত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রলীগের কর্মীরা। নির্বাচন শেষে ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে কলা অনুষদের পাশে নাহিদুর, আফজাল ও মেজবাউরের ওপর হামলা চালান একই বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের সালাউদ্দিন পারভেজ, আসফিক সাগর, মামুন, মহিতোষ রায়সহ ৮-১০ জন ছাত্রলীগের কর্মী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। তাঁদের সাভারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন বলেন, ‘বিভাগের নির্বাচনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এর দায় ছাত্রলীগের ওপর বর্তায় না। প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ বলেন, উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। প্রাথমিকভাবে একটি তদন্ত প্রতিবেদন তৈরির কাজও শুরু হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হতে পারে।এ ঘটনায় রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন ছাত্রলীগের চার কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন। তাঁরা হলেন: আশফিক সাগর, মহিতোষ রায়, তইমুর রহমান ও সালাউদ্দিন পারভেজ।