তিনজনকে অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের মামলার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে না নিয়ে অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করতে রাষ্ট্রপক্ষের গাফিলতির জন্য ট্রাইব্যুনাল গতকাল উষ্মা প্রকাশ করেন।
৮ সেপ্টেম্বর যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে ওই মামলার তিন আসামি আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে না নিয়ে তাঁদের অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ পরে ওই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করে। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল শুনানিতে বলেন, টাইপিংয়ে ভুলের জন্য আনুষ্ঠানিক অভিযোগে আসামি ওজিয়ার মোড়লের নাম লেখা হয়নি। ট্রাইব্যুনাল জানতে চান, আকরাম ও মশিয়ারের নাম ভুল করে আনুষ্ঠানিক অভিযোগে লেখা হয়েছে কি না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সাক্ষীদের জবানবন্দিতে ওই তিনজনের নাম এসেছে। এ জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া দরকার।
রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, মামলাটি প্রাথমিক স্তরে আছে। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার সুযোগ আছে। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন।
অভিযোগ ট্রাইব্যুনালের আমলে নেওয়া আসামিরা হলেন সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন বিশ্বাস, ইব্রাহিম হোসেন, শেখ মো. মুজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল।