তিনজনকে আইন পেশা থেকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আইনজীবীকে আইন পেশা থেকে অপসারণ করেছে আইনজীবীদের তদারক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। এই তিনজন হলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিন।
১৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের পৃথক ট্রাইব্যুনাল পৃথক অভিযোগের নিষ্পত্তি করে এ সিদ্ধান্ত দেন। গতকাল মঙ্গলবার বার কাউন্সিলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার কাউন্সিল ট্রাইব্যুনালসের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ২৪ নভেম্বর মিনারা খাতুনের বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ করেন একটি মামলার বাদী মোসাম্মৎ বিউটি।
বিউটির অভিযোগ, তাঁর স্বামীকে একটি মামলায় জামিন করিয়ে দেবেন বলে ভুয়া, বানোয়াট ও সাজানো জামিননামা এবং মুক্তির আদেশ (রিলিজ অর্ডার) তৈরি করে তাঁর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মিনারা খাতুন প্রতারণা করেছেন।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিনের বিরুদ্ধে মো. মোসাদ্দেক চৌধুরী ২০১০ সালের ২৭ জানুয়ারি বার কাউন্সিলে অভিযোগ করেন বলে জানান কামনাশীষ রায়। মোসাদ্দেক চৌধুরীর অভিযোগ, একটি নালিশি সম্পত্তি বিষয়ে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা (১৮১/০৮) করলে ওই মামলায় নিয়োজিত আইনজীবী হিসেবে মামলার বিষয়ে জানা সত্ত্বেও মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষদ্বয় (ওই দুই সদস্য) পরস্পর যোগসাজশে নালিশি সম্পত্তি নিজ ও স্ত্রীদের নামে রেজিস্ট্রেশন বায়নানামা তৈরি করেন। এটি পেশাগত অসদাচরণ এবং বার কাউন্সিলের আইন ও বিধির পরিপন্থী।
কামনাশীষ রায় বলেন, বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-৫ মিনারা খাতুনের বিষয়ে এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল-১ মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিনের অপসারণের ওই সিদ্ধান্ত দেন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, বার কাউন্সিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধপক্ষের ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে।