তিনজনকে আটকে ভয় দেখিয়ে অর্থ আদায়, ওসি প্রত্যাহার
তিন ব্যক্তিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার অভিযোগে বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল কবির তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল কবির গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচনী বিরোধের জের ধরে তিন ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ওসি অপেশাদার আচরণ ও অদক্ষতার পরিচয় দেওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।’ বেআইনিভাবে আটক, অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে বরগুনার পুলিশ সুপার ও পাঁচ পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে গত ১ এপ্রিল তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের মোফাচ্ছেল হক বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির ,বরগুনা সদর থানার ওসি জাকির হোসেন ফকির, তালতলী থানার ওসি শামসুল হক, এসআই সাইদুজ্জামান, এএসআই মো. হানিফ, খায়রুজ্জামান, ছোটবগির ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান ও তাঁর বাবা কামরুজ্জামানকে বিবাদী করা হয়। বাদী অভিযোগ করেন, গত ৮ মার্চ অনুষ্ঠিত ছোটবগী ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্ররোচনায় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল হক, সহকারী উপপরিদর্শক মো. হানিফ ও খায়রুজ্জামান তাঁকে গত ২৫ মার্চ বাড়ি থেকে আটক করে তালতলী থানায় নিয়ে যান। তালতলী থানার পুলিশ ২৭ মার্চ তাঁকে বেঁধে বরগুনা থানায় নিয়ে যায়। সেখানে বরগুনা থানার এসআই সাইদুজ্জামান ও একজন কনস্টেবল তাঁকে বেধড়ক পেটায়। এ সময় হত্যা মামলায় জড়িয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিরা তাঁর পরিবারের কাছ থেকে ৩০ হাজার ও আটক অপর দুজন মো. ছগির ও স্বপন মৃধার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করে। ওই দিন বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনা থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। বাদীর অভিযোগ, পুলিশ তাঁকে আটকের পর ৫৩ ঘণ্টা থানাহাজতে আটকে রাখে। কিন্তু আইনানুযায়ী ২৪ ঘণ্টার বেশি সময় কোনো আসামিকে আটক রাখার এখতিয়ার পুলিশের নেই। এ ছাড়া পুলিশ তাঁকে বিনা অপরাধে, অন্যের প্ররোচনায় আটক ও নির্যাতন করেছে। তালতলী থানার ওসি শামসুল হক গতকাল মুঠোফোনে বলেন, ‘আমি এখনো এ-সংক্রান্ত কোনো আদেশের কাগজপত্র হাতে পাইনি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা জানান।