ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের শহীদ মিনার, লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় তিনটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
শহীদ মিনারের সামনে তিনটি ভ্রাম্যমাণ ওষুধ বিক্রির দোকানে অভিযান চালিয়ে ভেজাল ও নকল ওষুধ বিক্রির দায়ে মো. আলী, মো. নাজমুল হাসান ও রাশেদুল হাসান নামের তিন বিক্রেতাকে সাত দিন করে কারাদণ্ড দেন। দোকানগুলোও উচ্ছেদ করা হয়।
এরপর নগরের লালদীঘি মোড়ের সাধনা ঔষধালয়ে অভিযান চালিয়ে সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লালদীঘিপাড়ের মডার্ন হারবালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আন্দরকিল্লা মোড়ের সাধনা ঔষধালয়ের আরও একটি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।