তিনজনকে গুলি করে ২২ লাখ টাকা লুট
এক ঘণ্টার মধ্যে রাজধানীর মাতুয়াইল ও চানখাঁরপুলে দুটি ঘটনায় তিনজনকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে এসব ঘটনা ঘটে।চকবাজার থানার পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অগ্রণী ট্রেডিংয়ের কোষাধ্যক্ষ আবদুল খালেক, ভান্ডার সহকারী সায়েম ও তত্ত্বাবধানকারী মামুন অর রশিদ টাকার ব্যাগ নিয়ে পাশের একটি ব্যাংকে যাচ্ছিলেন। তাঁরা অফিস থেকে বের হওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা তিনটি মোটরসাইকেলে করে আসা সাত-আটজন অস্ত্রধারী যুবক তাঁদের পথরোধ করে। তারা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করলে কর্মচারী মামুন অর রশিদ ভয়ে অফিসের ভেতরে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে টাকাভর্তি ব্যাগ কেড়ে নেয়। গুলিতে আবদুল খালেক ও মো. সায়েম আহত হন। পরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে মোটরসাইকেলে করে বকশীবাজারের দিকে চলে যায় ছিনতাইকারীরা।পুলিশ জানায়, আহত দুই কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সুপারভাইজার মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ১০ লাখ টাকা নিয়ে ডেমরার কোনাবাড়ীতে একটি ব্যাংকে যাচ্ছিলেন। মাতুয়াইল ইউনিয়ন পরিষদের সামনে চার-পাঁচজন অস্ত্রধারী যুবক টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় টানাহেঁচড়া করলে সন্ত্রাসীরা শাহিনের পায়ে গুলি করে। আহত শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।