তিনজনকে চাপা দিয়ে বাস চায়ের দোকানে
সাভারে চালকের নিয়ন্ত্রণ হারানো শ্যামলী পরিবহনের বাসের চাপায় দুই পথচারী এবং রিকশার এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার সন্ধ্যায় বাসটি তিনজনকে চাপা দিয়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পোশাকশ্রমিক পারভিন আক্তার (৩২) ও ঝালাই মিস্ত্রি মানিক (৩০)। অজ্ঞাত পরিচয় অন্যজনের বয়স আনুমানিক ৩০ বছর।
ঘটনার প্রত্যক্ষদর্শী পোশাকশ্রমিক সুলতান মিয়া ও স্থানীয় ব্যবসায়ী আল-আমিন বলেন, দ্রুতগতির ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস সন্ধ্যা ছয়টার দিকে উলাইল বাসস্ট্যান্ড এলাকায় আনলিমা টেক্সটাইলের মূল ফটকের সামনে একটি রিকশা ও দুই পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে চায়ের দোকানের ওপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন রিকশায় থাকা পারভীন আক্তার ও দুই পথচারী। তবে চায়ের দোকানদার ইসমাইল দৌড়ে প্রাণে বেঁচে যান।
রিকশাচালক হারুন-অর-রশীদ বলেন, সাভার বাসস্ট্যান্ড থেকে পারভীনকে নিয়ে তিনি উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র পেছন থেকে বাসটি তাঁর রিকশাকে চাপা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে আহত হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।