যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে দিনমজুর আকবার আলী (৫৫) হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী হালিমা বেগম (৪৫) ও তাঁর ভাইয়ের দুই ছেলেকে চার দিন ধরে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যশোর ইউনিটের আইন কর্মকর্তা মোস্তফা হুমায়ুন কবীর বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া কাউকে আটক রাখার কোনো এখতিয়ার পুলিশের নেই। হালিমা বেগম ও তাঁর ভাইয়ের দুই ছেলেকে যদি পুলিশের সন্দেহ হয়, তবে পুলিশকে তাঁদের ওই মামলায় অথবা ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। তাঁদের অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে বিচারিক হাকিমের কাছে আবেদন করতে হবে। বিচারিক হাকিমের আদেশ মোতাবেক কেবল তাঁদের জিজ্ঞাসাবাদ করা যাবে। যদি এটা না করে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে তাঁদের চার দিন থানায় আটকে রাখে, তবে তা হবে আইনের পরিপন্থী।
আকবার আলী যশোর সদর উপজেলার ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি প্রায় ১৪ বছর ধরে মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
গত শুক্রবার রাত দেড়টার দিকে আকবার আলী নিহত হওয়ার পর গত রোববার সকালে তাঁর ছেলে মো. মিন্টু বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ গত রোববার রাতে মামলার তিন নম্বর আসামি কৃষ্ণবাটি গ্রামের সোবহান দপ্তরির মেয়ে জুলেখা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে।
এর আগে শনিবার পুলিশ নিহত আকবার আলীর স্ত্রী হালিমা বেগমকে থানায় নিয়ে আসে। চার দিন ধরে পুলিশ তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার হালিমা বেগমের ভাইয়ের দুই ছেলে নূর নবী (৩৭) ও আইয়ুব নবী (৩৫) তাঁকে দেখতে থানায় আসেন। পুলিশ চার দিন ধরে তাঁদেরও থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে।
মনিরামপুর থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, আকবার আলীকে হত্যা করার সময় তাঁর স্ত্রী পাশেই ছিলেন। এ সময় তিনি কোনো চিৎকার করেননি। বিষয়টি সন্দেহজনক। আকবার আলীর স্ত্রী এবং তাঁর স্ত্রীর ভাইয়ের দুই ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়নি। সে কারণে তাঁদের চার দিন থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।