তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় গতকাল মঙ্গলবার গণপিটুনিতে তিনজনের মৃত্যুর ঘটনায় দুই থেকে তিন হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। এ ছাড়া নিহত তিন ব্যক্তির পরিচয়ও মিলেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান বলেন, নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামের আসলাম হোসেন (৪৫), নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখ (৪২) ও বগুড়া সদর উপজেলার আবুবকর মিয়া (৫৩)।

ওসি শাহেদ মাহমুদ বলেন, নিহত ব্যক্তিরা পেঁয়াজ-আদার ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের লোকজন। আসলেই তাঁরা নিরীহ ব্যবসায়ী না অন্য কিছু, সে ব্যাপারে পুলিশ জানার চেষ্টা করছে। এ ছাড়া কারা প্রথমে মারধরের সূত্রপাত করেছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, এ ঘটনায় নিহত আলাউদ্দিন শেখের ভাই রানা শেখ বাদী হয়ে দুই থেকে তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে গতকাল রাতেই সাঁথিয়া থানায় মামলা করেছেন। তিনি মামলাটির তদন্ত করছেন।

গতকাল দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলার করমজা হাটের কাঠপট্টিতে ‘ছেলে ধরা’ সন্দেহে ওই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।