সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলার অভিযোগপত্রে (চার্জশিট) সন্দেহভাজন তিন আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণ-সংক্রান্ত শুনানির দিন জেলার অতিরিক্ত বিচারিক হাকিম আবুল কাশেম ওই তিন আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র গ্রহণ করেন। গতকালই আদালত এক আদেশে মামলার নথি সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন।২০১১ সালের ১৬ ডিসেম্বর সিলেট সদর উপজেলার বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর বখাটে-দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় ওই রাতেই নৌকার মাঝি গুলজার মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ৪ মার্চ নৌকার মাঝিসহ নয়জনকে অভিযুক্ত করে প্রথম দফা অভিযোগপত্র আদালতে দাখিল করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাস।অভিযোগপত্রে নৌকার মাঝি গুলজার মিয়াসহ নলকট গ্রামের সইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সায়েম উদ্দিন, জামাল আহমদ, রকিব আহমদ, মো. আবদুল্লাহ ও সেলিম আহমদকে অভিযুক্ত করা হয়। সন্দেহভাজন তিন আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ থাকায় তারেক আহমদ, সুহেল মিয়া ও সইল মিয়াকে অব্যাহতি দেন আদালত।