রাজধানীর মিরপুরে এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে পুলিশের দুই কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, এজাহারে মাইক্রোবাসে পোশাকশ্রমিককে গণধর্ষণের কথা বলা হলেও তা সঠিক নয়। কালো ওই মাইক্রোবাসের অস্তিত্ব পাওয়া যায়নি, এটা মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো।
আর ওই পোশাকশ্রমিকের ডাক্তারি পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন অনুসারে, পরীক্ষায় তাঁকে সম্প্রতি জোরপূর্বক গণধর্ষণ করার আলামত পাওয়া যায়নি।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার এসব প্রতিবেদন দাখিল ও শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম।
শুনানির পর আদালত পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্উদ্দিন খান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক চিকিৎসক বিলকিস বেগমকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে এই সময়ের মধ্যে রিট আবেদনকারী আইনজীবীকে হলফনামা আকারে তাঁর জবাব দাখিল করতে বলা হয়।
‘চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ’ শিরোনামে ৩ জুলাই বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ৫ জুলাই রিটটি করা হয়।
শুনানি নিয়ে ৯ জুলাই হাইকোর্ট ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ জানাতে মিরপুর বিভাগের ডিসি ও মিরপুর থানার ওসিকে ১৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। ওই পোশাকশ্রমিকের পরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ককে নির্দেশ দেওয়া হয়।
১৫ জুলাই ওই দুই পুলিশ কর্মকর্তা ও ওসিসির সমন্বয়ক আদালতে বক্তব্য দেন।আদালত তাঁদের বক্তব্য হলফনামা আকারে দাখিল করতে বলে ২১ জুলাই আবার হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে গতকাল তাঁরা হাজির হন।