তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান আজ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আবদুল লতিফ (২১) ও রবিন মিয়া (২০) এবং সদর উপজেলার হেরুয়া নিজপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২)। যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হলেন নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন (২১)। তাঁরা বর্তমানে শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।

নিহত আরাফাত শেরপুর জেলা শহরের গৃদানারায়ণপুর এলাকার কাঠের আসবাবপত্র ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের ছেলে। সে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া লতিফ নিহত আরাফাতের খালু।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, লতিফ ও আসলাম বাবু সহপাঠী ও বন্ধু। তাঁরা দুই লাখ টাকা মুক্তিপণের আশায় আরাফাতকে অপহরণের পরিকল্পনা করেন। সহযোগী হিসেবে তাঁদের আরেক বন্ধু রবিনকে সঙ্গে নেন। এরপর গত বছরের ২ আগস্ট বেলা আড়াইটার দিকে আরাফাত গৃদানারায়ণপুর এলাকার বাসা থেকে বের হলে তাঁরা তাকে অপহরণ করেন। পরে মুঠোফোনে আরাফাতের বাবা শহিদুলের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু শহিদুল ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ আরাফাতকে উদ্ধারে তৎপর হয়। অবস্থা বেগতিক দেখে ওই দিনই আরাফাতকে নিয়ে আসলাম প্রথমে নালিতাবাড়ীর নন্নী গ্রামের সার ব্যবসায়ী ইমরানের দোকানে যান। পরে লতিফের নির্দেশে আসলাম নালিতাবাড়ীর গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় নিয়ে শ্বাসরোধ করে আরাফাতকে হত্যা করেন এবং লাশ ফেলে পালিয়ে যান। ৮ আগস্ট পাহাড়ের চূড়া থেকে পুলিশ আরাফাতের গলিত লাশ ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আরাফাতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লতিফ, রবিন, আসলাম বাবু ও ইমরান হোসেনের বিরুদ্ধে সদর থানায় অপহরণপূর্বক হত্যা মামলা দায়ের করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকেই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত শেষে গত ২১ জানুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহম্মেদ বাদল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ৮ ও ৩০ ধারায় অভিযুক্ত করে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং আসামি প‌ক্ষে আব্দুস সোবহান তরফদার, আব্দুর রউফ, নারায়ণ চন্দ্র হোড় ও আতাহার আলী মামলাটি পরিচালনা করেন। তবে আজ রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ​পিপি গোলাম কিবরিয়া বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। সবার সহযোগিতায় মাত্র নয় কার্যদিবসে এ মামলার রায় ঘোষিত হয়েছে। এর মাধ্যমে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে।
অপরদিকে রায় শুনে আরাফাতের বাবা শহিদুল ও মা রিনা বেগম পুত্রশোকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় বাবা শহিদুল রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, আরাফাতের মতো নিষ্ঠুর প্রতিহিংসার শিকার হয়ে আর যেন কোনো মা-বাবার বুক খালি না হয়।

পাহাড়চূড়ায় শিশুর লাশ
http://www.prothom-alo.com/bangladesh/article/597595