মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরির দায়ে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা এবং এদের একজনকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০-এর একটি দল গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ীতে এ অভিযান চালান।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত যাত্রাবাড়ীর পশ্চিম রায়েরবাগ এলাকায় ইভানা ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে অনুমোদনহীন ট্যাং ও ডেক্সট্রোজ তৈরি করা হচ্ছিল। এর দায়ে প্রতিষ্ঠানটির মালিক কামাল হোসেনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে কামালকে আরও তিনবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত এরপর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ইবনে সিনা ফুড অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে একই এলাকার তিতাস কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন ভেজাল সেমাই, কেক, চানাচুর, মিষ্টি, সয়াবিন তেল, সরিষার তেল ও সাবান তৈরি করা হচ্ছিল।