টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা সবাই খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত শনিবার ঢাকায় লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর শিক্ষা মাশুল (ক্রেডিট ফি) কমানোর দাবিতে খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তাঁদের বিভাগে ব্যাপক ভাঙচুর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত, পরীক্ষা গ্রহণে বাধাদানসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাদী এবং তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নূরুন্নবী সিদ্দিকী ও শামীম-উল হককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও শামসুল হক এবং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সজীব তালুকদারকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সুব্রত কর্মকার ও তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কে এইচ আল আমিনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই বিভাগের অপর নয় শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাঁরা হচ্ছেন: মাহাবুব হাসান, সিফাত মো. আরেফিন, মো. আক্তারুজ্জামান, কাউসারুল আলম, হোসাইন মো. লিটন, আবদুর রহমান, মাঈনুল হাসান, আরিফুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ।