তিনজনকে ১৮ দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবীগঞ্জে মঠপ্রধানকে হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুটি মামলার তিন আসামিকে গতকাল শনিবার পঞ্চগড় আমলি আদালত-২-এ হাজির করা হয় l ছবি: প্রথম আলো
দেবীগঞ্জে মঠপ্রধানকে হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুটি মামলার তিন আসামিকে গতকাল শনিবার পঞ্চগড় আমলি আদালত-২-এ হাজির করা হয় l ছবি: প্রথম আলো

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যার ঘটনায় গ্রেপ্তার নতুন তিনজনকে ১৮ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গ্রেপ্তার তিনজনকে ১৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার তিন আসামি আলমগীর হোসেন, রমজান আলী ও হারিজ আলীকে গতকাল শনিবার পঞ্চগড় আমলি আদালত-২-এ হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী তাঁদের দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারিক হাকিম মার্জিয়া খাতুন হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আট দিন করে তিন আসামিকে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া সরকারি কৌঁসুলি আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও পুলিশের কাছে দেওয়া আসামিদের তথ্য যাচাই করার জন্য তিনজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই আদালত দুটি মামলায় প্রত্যেককে ১৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
দেবীগঞ্জের সোনাপাতা এলাকায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গত রোববার সকালে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে মঠের সাধু গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই দিন রাতে নিহত যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্র চন্দ্র রায় হত্যা মামলা এবং দেবীগঞ্জ থানার উপপরিদর্শক মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। দুটি মামলাতেই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।