তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) মিস্ত্রি আজহার মাহমুদ (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও মানসিক প্রতিবন্ধী শিশু সামিয়া আক্তার (১২) পানিতে ডুবে মারা গেছে। আরেকজন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সূত্র জানায়, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মালিবাগ চৌরাস্তায় নিজ দোকানে এসি মেরামত করার সময় মিস্ত্রি আজহার বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রামপুরার হাজিপাড়ায় থাকতেন।
মঙ্গলবার সন্ধ্যায় তুরাগ থানার পুলিশ মিরপুর ১২ নম্বর সেকশনের চান্দুরা খাল থেকে মানসিক প্রতিবন্ধী শিশু সামিয়ার ভাসমান লাশ উদ্ধার করে। তুরাগ থানার এসআই আবদুল কাদের বলেন, সামিয়া মা-বাবার সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের চ-ব্লকে থাকত। মঙ্গলবার দুপুরে সবার অজান্তে সে বাসা থেকে বেরিয়ে যায়। স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে সামিয়ার লাশ খালে ভাসতে দেখেন।
মঙ্গলবার বিকেলে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনে ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর পরনে খয়েরি চেক লুঙ্গি ও চেক ফতুয়া ছিল।