তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল শুক্রবার এক নির্মাণশ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নির্মাণশ্রমিক বেলাল হোসেন (৪৫), পাদুকা শ্রমিক দ্বীন ইসলাম (২৫) ও গৃহকর্মী কুসুম আক্তার (১৮)।
সকাল সাড়ে নয়টার দিকে শুক্রাবাদ এলাকার নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে কাজ করার সময় ষষ্ঠতলা থেকে পড়ে যান বেলাল হোসেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আলতাফ মিয়ার ছেলে।
বিকেলে সিদ্দিকবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন দ্বীন ইসলাম। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী। তিনি সুরিটোলায় একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। তবে বাসটি (ঢাকা মেট্রো-জ-১১-২৬৯১) জব্দ করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় বারিধারা নতুন বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন কুসুম আক্তার। পরে রাত আটটার দিকে গৃহকর্তা গোলাম মোস্তাফা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।