তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সুমন মিয়া (২৭), শহীদ ইসলাম (২৬) ও ইব্রাহিম খলিল (২৮)। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলেছে, সুমন সস্ত্রীক কল্যাণপুরের ৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় সুমন বাসায় একা ছিলেন। গতকাল সকালে প্রতিবেশী একজন সুমনকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সুমনের গ্রামের বাড়ি বরিশালের কর্ণকাঠিতে।
এদিকে দুপুরে বাড্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শহীদ ইসলাম। তিনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) অনয় পাল ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এ ছাড়া উত্তরখানে ফৌজিরবাতান এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসা থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।