যশোরের অভয়নগরের মোল্লা ওলিয়ার রহমান হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২১ মার্চ যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি দেওয়া হয়।
জবানবন্দিতে থাকলেও অভিযোগপত্র থেকে পৌর মেয়রসহ তিনজনের নাম বাদ দেওয়ায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এটিকে ত্রুটিপূর্ণ মনে করছেন।
মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি শ্রমজীবী সমন্বয় পরিষদের নেতাও ছিলেন।
আদালত ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মোল্লা তদন্ত শেষে ২১ মার্চ অভিযোগপত্রটি আদালতে জমা দেন। অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার মণ্ডলসহ ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু হত্যার সঙ্গে জড়িত বলে আসামি আলামিন ফারাজির স্বীকারোক্তিতে উঠে আসা নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস ওরফে শান্ত, পৌর কাউন্সিলর রবিন অধিকারী ওরফে ব্যাচা ও যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ রায়ের একান্ত সচিব (পিএস) সুকুমার আঢ্যের নাম অভিযোগপত্রে দেওয়া হয়নি।
ওলিয়ারের ভাই বকশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলার আসামি আলামিন ফারাজি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দিতে নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস, কাউন্সিলর রবিন অধিকারী, সুকুমারের নামসহ ২৫-২৬ জনের নাম আসে। সেখান থেকে অন্যদের নাম মামলার অভিযোগপত্রে যুক্ত করা হলেও পৌর মেয়র, কাউন্সিলর ও সাংসদের পিএসের নাম দেওয়া হয়নি। এ কারণে অভিযোগপত্রটি যথেষ্ট ত্রুটিপূর্ণ বলে আমরা মনে করছি। অভিযোগপত্রের নথি এখনো হাতে পাইনি। পাওয়ার পর পরবর্তী করণীয় কী হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানতে চাইলে মামলার এসআই আবুল খায়ের মোল্লা প্রথম আলোকে বলেন, আলামিন ফারাজির জবানবন্দিতে যে তিনজনের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য বা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মামলা থেকে পৌর মেয়র সুশান্ত, কাউন্সিলর রবিন ও সুকুমারকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। আর হত্যার সঙ্গে জড়িত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে নড়াইল সদর উপজেলার কালিনগর গ্রামের আলামিন ফারাজি আলা ওরফে সুমন ও খুলনার ফুলতলা উপজেলার উত্তর দামোদর গ্রামের জাহিদুল ইসলাম ওরফে রুবেল কারাগারে আছেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে নয়জন জামিনে রয়েছেন। অন্য ১৪ জন পলাতক।
অভিযোগপত্রের বরাত দিয়ে এসআই আবুল খায়ের বলেন, নওয়াপাড়ার যুবলীগের নেতা শিমুল নিহত হওয়ার পর স্থানীয় প্রসেন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় মাদকসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন। আওয়ামী লীগের নেতা ওলিয়ার রহমান প্রসেনের ওই সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করতেন। হত্যাকাণ্ডের কয়েক দিন আগে ওলিয়ার স্থানীয় ডাকবাংলোয় গিয়ে সাংসদের কাছে প্রসেনের বিষয়ে নালিশ দেন। সেখান থেকে প্রসেনের সঙ্গে ওলিয়ারের দ্বন্দ্ব শুরু হয়।
এরপর ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে ওলিয়ার হাঁটতে বের হলে গুয়াখোলার একটি মসজিদের পাশে দুটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার পরদিন নিহত ব্যক্তির স্ত্রী নুরজাহান বেগম মামলা করেন।