তিনজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি হত্যা মামলায় তিনজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম, নাটোর ও পিরোজপুরে এ রায় হয়। এর মধ্যে চট্টগ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে হত্যার দায়ে তিন যুবককে ফাঁসির আদেশ দেন আদালত।

চট্টগ্রাম: চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রাজীব রায়, বিজয় ভট্টাচার্য ও আবদুস সালাম।

সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১৩ আগস্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট এলাকা থেকে অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ আজমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন আসামিরা। মুক্তিপণ দিয়েও আজমের খোঁজ পাওয়া যায়নি। পরে তার মা থানায় মামলা করেন। পুলিশ ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় আসামি বিজয়ের বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে আজমের লাশ উদ্ধার করে। পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রেজাউল করিম নামের এক আসামিকে বেকসুর খালাস দেন আদালত। 

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত আজমের মা ও মামলার বাদী আজমা আক্তার বলেন, উচ্চ আদালতে যেন আসামিদের সাজা বহাল থাকে। আসামিদের মধ্যে রাজীব ছাড়া বাকি দুজন পলাতক রয়েছেন। সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এই রায় দিয়েছেন।


নাটোর: এক কলেজশিক্ষককে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। একই ঘটনায় নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামের হাবিবুর রহমান (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর গ্রামের আমিরুল ইসলাম (৩০)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, নাটোর সদর থানার হয়বতপুর কলেজের প্রভাষক আনিছুর রহমান ২০০৯ সালের ১৮ জুলাই রাতে ডাকাতদের কবলে পড়েন। ডাকাতেরা মোটরসাইকেল নেওয়ার জন্য দুই বন্ধুসহ আনিছুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তাঁর মৃত্যু হয়। পরে আনিছুরের বাবা আফতাব উদ্দিন ডাকাতি ও হত্যা মামলা করেন।
তবে আসামিদের আইনজীবী সাঈম হোসেন বলেন, পুলিশের চাপে পুলিশের শেখানোমতে আসামিরা জবানবন্দি দিয়েছিলেন। ফলে তাঁরা ন্যায়বিচার পাননি। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

পিরোজপুর: গৃহবধূ সীমা আক্তার (১৬) হত্যার মামলায় স্বামী কামাল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত কামাল হাওলাদার জেলার মঠবাড়িয়া উপজেলার মানিকখালী গ্রামে। তিনি পেশায় রিকশাচালক। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৪ সালে মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের কৃষক আবদুর রহমান ফরাজির মেয়ে সীমা আক্তারের সঙ্গে কামাল হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে কামালের মা রওশন আরার সঙ্গে সীমার প্রায়ই ঝগড়া হতো। এ কারণে কামাল সীমাকে মারপিট করতেন। ২০০৫ সালের ২৪ জানুয়ারি বিকেলে সংবাদ আসে সীমা মারা গেছেন। কামালের পরিবারের পক্ষ থেকে সীমা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যায়, সীমা আত্মহত্যা করেননি। তাঁর মৃত্যু হয়েছে আঘাতের কারণে।

কামালের আইনজীবী সরোয়ার হোসেন বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’