টাকার বিনিময়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সেজে আদালতে আত্মসমর্পণের পর জেলখাটা হুমায়ুন কবিরসহ তিনজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছেন আদালত। সুয়োমোটো মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর পলাতক ওই সন্ত্রাসীর বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী ওই অপরাধ আমলে নিয়ে পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এই তিন ব্যক্তির বাকি দুজন হলেন শাহ আলম এবং নগরের খুলশী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১০ মামলার আসামি মাসুদ কামাল ওরফে কিলার মাসুদ।
খুলশী থানার একটি হত্যা মামলায় জেলে যাওয়া এড়াতে ২৫ হাজার টাকা দিয়ে হুমায়ুন কবিরকে এ কাজে রাজি করিয়েছিলেন মাসুদ কামাল। হুমায়ুনকে মাসুদ বলেছিলেন, মাত্র এক দিন কারাভোগের পরই তিনি মুক্তি পাবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও মুক্তি না পাওয়ায় বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেন হুমায়ুন।
গত ১৩ জানুয়ারি ‘টাকার বিনিময়ে কারাভোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম স্বপ্রণোদিত হয়ে আদালতে একটি সুয়োমোটো মামলা করেন। মামলার আরজিতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি বিস্তারিতভাবে উল্লেখ করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়াকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে গতকাল কারাগার থেকে প্রতিবেদন পাওয়ার পর তিনজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিলেন আদালত।
মো. ছগির মিয়া আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, খুলশী থানার একটি হত্যাচেষ্টার মামলায় ১১ জানুয়ারি কারাগারে পাঠানো হয় শাহ আলম ও মাসুদ কামাল নামের দুই আসামিকে। এর আগে তাঁদের নাম-ঠিকানা জিজ্ঞেস করা হলে তাঁরা নিজেদের শাহ আলম ও মাসুদ কামাল নামে পরিচয় দেন।