তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাগেরহাটের শেখ সিরাজুল হক, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ নিয়ে আদেশের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার এই মামলায় আসামিপক্ষের শুনানি শেষ হলে আদেশের জন্য দিন ধার্য করা হয়।
গতকাল আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর সরোয়ার হোসেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সিরাজুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হাসান। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইয়েদুল হক।