রাজধানীর রামপুরা থানায় সোনা আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন জাহেদ হোসেন, সোনা বহনকারী প্রাইভেট কারের চালক সমীর বিশ্বাস ও বিজয় হালদার।
জাহেদ ও সমীর কারাগারে থাকলেও বিজয় পলাতক। ডিবি পুলিশ সম্প্রতি আদালতে এই অভিযোগপত্র জমা দিয়েছে। তবে এক আসামির জবানবন্দিতে পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমানের নাম এলেও অভিযোগপত্রে তা এড়িয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া আটক দুজনকে ছেড়ে দিতে হুমকির অভিযোগে শিবলী নোমানের বিরুদ্ধে রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করা জিডির বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ নেই।
অবশ্য শিবলী নোমান ওই দুটি অভিযোগই একাধিকবার অস্বীকার করেছেন।
ওই চোরাচালানের সোনা আত্মসাতের ঘটনায় করা মামলায় রামপুরা থানার পুলিশের তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে এর আগেই অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপর দুজন হলেন পুলিশের তথ্যদাতা (সোর্স) ও মাইক্রোবাসের চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা সোনার বার বহনকারী প্রাইভেট কারটি আটকের পর তা ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক নেতাসহ প্রভাবশালী লোকদের শরণাপন্ন হয়েছিলেন।
গত বছরের ১৩ মার্চ রামপুরা থানা এলাকার বনশ্রী বালুর মাঠ থেকে সোনাসহ একটি প্রাইভেট কার আটক করে পুলিশ। ওই কারটি ছাড়াতে রামপুরা থানায় গিয়ে আটক হন জাহেদ হোসেন ওরফে মাহিন ও সমীর বিশ্বাস।
গত বছরের ২৪ মার্চ আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে জাহেদ বলেন, ধরা পড়া সোনার চালান ছাড়িয়ে নিতে অন্যদের সঙ্গে তিনি ঢাকা ক্লাবে পুলিশ কর্মকর্তা শিবলী নোমানের সঙ্গে বৈঠক করেন। ওই জবানবন্দিতেই তিনি গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল বলে জানালে পুলিশের সোনা আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। কারণ, পুলিশ ৭০টি সোনার বার আটকের কথা জানিয়েছিল।
রামপুরা থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা আটক জাহেদ ও সমীরকে ছেড়ে দিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগে এসি শিবলী নোমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ওই জিডিতে বলা হয়, ‘এসি শিবলী নোমান তাঁদের থানা থেকে ছেড়ে দিতে বারবার অনুরোধ করেন। শিবলী নোমান মুঠোফোনে হুমকি দিয়ে বলেন, আসামিদের যদি থানা থেকে ছেড়ে না দিই, তাহলে আমার প্রচণ্ড ক্ষতি করবেন তিনি।’
অভিযোগপত্রে এসি শিবলী নোমানসংশ্লিষ্ট এসব বিষয়ের উল্লেখ না থাকা প্রসঙ্গে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালানের তদন্তে এসি শিবলী নোমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাঁর নাম অভিযোগপত্রে রাখা হয়নি।
অভিযোগপত্রে পলাতক বিজয় হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির জন্য আবেদন জানানো হয়েছে। বিজয়ের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার কুলতলায়।
মামলার এজাহারে ১ নম্বরে নাম থাকা জাহিদুল ইসলামের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় এবং ঘটনার সঙ্গে অপর আসামি আলমগীর আলমের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। তবে অভিযোগপত্রে বলা হয়েছে, জাহিদুল ইসলামের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৩ মার্চ রামপুরা থানার পুলিশ ধাওয়া করে ওই প্রাইভেট কার আটক করে। গাড়িচালক ও যাত্রীরা পালিয়ে যান। গাড়িটি রামপুরা থানায় নিয়ে যাওয়া হয়। সোনা চোরাচালানি জাহেদ ও গাড়িচালক সমীর ১৬ মার্চ গাড়িটি ছাড়াতে থানায় গেলে সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেখানো মতে গাড়ি থেকে ৭০টি সোনার বার (প্রতিটির ওজন ১০ তোলা) উদ্ধার করা হয়। এই সোনার দাম আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকা। জাহেদ ও সমীরকে জিজ্ঞাসাবাদ করে সোনা চোরাচালানের মূল হোতা জাহিদুল ইসলাম ওরফে অনিক, বিজয় হালদার ও আলমগীর আলম ওরফে রবিনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। ১৮ মার্চ তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন ডিবির এক কর্মকর্তা। জাহেদ ও সমীরকে রিমান্ডে নেয় ডিবি।
সূত্র আরও জানায়, ডিবির জিজ্ঞাসাবাদে জাহেদ ও সমীর রামপুরা থানার তিন পুলিশ সদস্য, তাঁদের সোর্স ও পুলিশের মাইক্রোবাসের চালক ১৬৫টি সোনার বার আত্মসাৎ করেছেন বলে জানান। ডিবি ৩১ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরী, পুলিশের সোর্স মাহফুজুল হক ওরফে রনি ও মাইক্রোবাসের চালক সজীব শিকদারকে আটক করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে তাঁদের এবং তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। এই আত্মসাতের ঘটনায় ডিবি ৭ এপ্রিল দুর্নীতি দমন আইনে তিন পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলার তদন্ত শেষে দুদকের তদন্তকারী কর্মকর্তা ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাকি ১৬ সোনার বার এখনো উদ্ধার হয়নি।