অবশেষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের স্কুলছাত্রী মাকছুদা পারভিন ওরফে সোনালীর আত্মহনন মামলায় বুধবার এজাহারভুক্ত তিনজনের নামে আদালতে অভি-যোগপত্র দাখিল করা হয়েছে।এদিকে আসামি ও তাদের লোকজনের হুমকি-ধমকিতে ভয়ে সোনালীর মা-বাবা পাঁচ মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মাহবুবুর রহমান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর গ্রামে এসে মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন একই এলাকার মাদক ব্যবসায়ী নূরুল ইসলাম, শেখ আলাউদ্দিন ও সালেহা খাতুন। এ ঘটনার জের ধরে নূরুল ইসলাম ও তাঁর সহযোগীরা মাহবুবুর রহমানের মেয়ে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মাকছুদা পারভিন সোনালীকে নানভাবে উত্ত্যক্ত করতে থাকেন। গত ১২ সেপ্টেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ফেরার পথে তাঁরা সোনালী ও তার বাবার গতিরোধ করেন। বাবার সামনেই অভিযুক্ত ব্যক্তিরা সোনালীকে আপত্তিকর কথা বলে। এতে ক্ষোভে, দুঃখে ও লজ্জায় সোনালী ১৩ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় মাহবুবুর রহমান বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে ১৪ সেপ্টেম্বর দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আসামি সালেহা খাতুন আদালত থেকে জামিন নেন। কিন্তু শেখ আলাউদ্দিন এখনো ধরা পড়েননি।সোনালীর মা মাহমুদা খানম অভিযোগ করেন, আসামি শেখ আলাউদ্দিন এলাকায় এখনো মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভয়ে তিনি ও তাঁর স্বামী একমাত্র ছেলেকে নিয়ে পাঁচ একর জমির ওপর দোতলা বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে বেড়াচ্ছেন পাঁচ মাস ধরে। আসামিরা প্রকাশ্যে আস্ফাালন করে বেড়ালেও পুলিশ ধরছে না।দেবহাটা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, নিরাপত্তাজনিত কারণে বাড়িতে থাকেন না। আসামি শেখ আলাউদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর দুই স্ত্রীকে পাওয়া যায়। তাঁরা জানান, তাঁদের স্বামী বাজারে গেছেন। বাড়িতেই থাকেন।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান খান জানান, দুইবার তদন্তকারী কর্মকর্তা আসামি শেখ আলাউদ্দিনকে ধরতে গিয়েছিল, কিন্তু তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।