তিনজনের বিরুদ্ধে অভিযোগের শুনানি ২ জুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হবে ২ জুন।ওই তিনজনের পক্ষে শুনানি মুলতবির আরজি জানালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এই দিন পুনর্নির্ধারণ করেন।গতকাল কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী শাহজাহান কবির বলেন, আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এখনো দেশে ফেরেননি। তাই শুনানি সাত দিনের জন্য মুলতবি করা হোক। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘কিন্তু আপনারাই (আসামিপক্ষ) বলেছিলেন, তাজুল ইসলাম মঙ্গলবার দেশে ফিরবেন। আপনাদের কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে।’ ট্রাইব্যুনাল সময় না দিয়ে আইনজীবীকে শুনানি শুরু করতে বলেন। আইনজীবী আবারও মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনাল বলেন, ‘হাইকোর্টে আইনজীবীর অনুপস্থিতির জন্য মুলতবি দেওয়া হয় না। আপনারা বেশি চালাকি করছেন। বেশি চালাকি ভালো না।’