মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সহোদরসহ নেত্রকোনার তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
তিন আসামি হলেন হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি, তাঁর ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী। এর আগে গত বছর ৫ মে থেকে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৮ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) মোখলেসুর রহমান, সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান। এক আসামির পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
পরে মোখলেসুর রহমান বলেন, ‘তদন্ত সংস্থা গত রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়। আদালতকে জানিয়েছি তদন্ত প্রতিবেদনটি পেয়েছি। এটি যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার জন্য দুই মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ দাখিলের জন্য ২৮ নভেম্বর দিন রেখেছেন।’
তিন আসামির গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার কুলশ্রীতে। এর মধ্যে আঞ্জু বর্তমান ঠিকানা রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথরপাড়া আর ছোরাপের মদন উপজেলার জাহাঙ্গীরপুরে। তদন্তে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ওই এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ এসেছে।