তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি পৃথক মামলায় তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ ফোরকান মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মাহিদুর রহমান, আফসার হোসেন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।
আবদুল হান্নান খান জানান, পটুয়াখালীর ফোরকান মল্লিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন। বাকি দুজন অন্য মামলায় আটক আছেন। তদন্তে ফোরকান মল্লিকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আটজনকে গণহত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে জোর করে ধর্মান্তরিত করা, ১৩টি পরিবারকে দেশ থেকে বিতাড়ন এবং ৬৪টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
আরেক মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। এতে ২৮ জনকে হত্যা, ৭০টি বাড়ি লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হবে।