তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তা বলেছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি রায়ের কোনো কাগজপত্র পাননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাইকালে ১০ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন গ্রহণ করা হয়। ছয়জনের মধ্যে গতকাল জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী সাদেক সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান গতকাল সন্ধ্যায় বলেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণসংক্রান্ত হাইকোর্টের কোনো নির্দেশ তাঁর হাতে পৌঁছায়নি। হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঋণখেলাপি হওয়ার অভিযোগে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুজন নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে তাঁরা হাইকোর্টে রিট আবেদন করেন।