কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খবির উদ্দিন (৬৪) নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আবদুল হামিদ মালিথা, জামিল মণ্ডল ও সালাম শেখ।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে মোটরের পাশে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী উরজিনা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। কিছুদিন পর কুষ্টিয়া আদালতে সাতজনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেন তিনি। দুটি মামলার তদন্ত শেষে পুলিশ সালাম, জামিল ও হামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিনজনের বাড়িই গোয়াল গ্রামে। এ গ্রামে এক চুরির ঘটনায় সালিস হলে সালামসহ কয়েকজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসে খবির উদ্দিনও সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় খবির উদ্দিনের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সালাম ও তাঁর সহযোগীরা। এর জের ধরেই হত্যার ঘটনা ঘটে।
পিপি বলেন, রায় ঘোষণাকালে ষড়যন্ত্র করে একজন মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে আদালত মন্তব্য করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের ফাঁসির আদেশ দেন বিচারক। এ রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।