তিনজনের মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ তিন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার অপর পাঁচ আসামিকে ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেছেন স্বজনহারা ব্যক্তিরা।
বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়েছে। আসামি আশরাফ হোসাইন, আবদুল মান্নান ও আবদুল বারীকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার। আর আসামি শামসুল হক ওরফে ‘বদর ভাই’, এস এম ইউসুফ আলী, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, আবুল হাশেম ও হারুনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
এই আট আসামির মধ্যে শামসুল ও ইউসুফ রায় ঘোষণার সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিনজনসহ বাকি ছয় আসামির বিচার হয়েছে তাঁদের পলাতক অবস্থায়।
গত বছরের ২৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু হয়। গতকালের রায়ে ট্রাইব্যুনাল বলেন, একাত্তরের ৭ থেকে ১৪ জুলাই এবং ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী থানার মইষ ভাদুরিয়া ও ধূপদহ গ্রামে অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আশরাফ, মান্নান ও বারীকে মৃত্যুদণ্ড এবং শরীফ ও হারুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একাত্তরের ১০ জুলাই রাতে জামালপুরের সিঅ্যান্ডবি রোডের (পুরোনো) দয়াময়ী লেনের মল্লিক ভিলা থেকে মুক্তিযুদ্ধের সংগঠন শহীদ নুরুল আমিনকে অপহরণ ও হত্যা এবং একাত্তরের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরের আশেক মাহমুদ ডিগ্রি কলেজে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ দুটিতে সব আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, রায় দেখে পর্যালোচনা করে পরে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কারাগারে থাকা দুই আসামি শামসুল ও ইউসুফের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তাঁরা সর্বোচ্চ আদালতে আপিল করবেন।
রাষ্ট্রপক্ষকে উদ্ধৃত করে রায়ে বলা হয়, এই আট আসামি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার ও আলবদর বাহিনীতে যোগ দেন। পলাতক আসামি আশরাফের নেতৃত্বে একাত্তরে জামালপুরে আলবদর বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধ শেষে তিনি ওই এলাকা ছেড়ে পালিয়ে পাটনা চলে যান এবং বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন।
গত বছরের ১৮ নভেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত রাষ্ট্রপক্ষে ২৫ জন সাক্ষ্য দেন। এরপর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন মামলাটি রায়ের অপেক্ষায় রাখেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। গ্রেপ্তার দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, এহসান এ সিদ্দিকী ও গাজী এম এইচ তামিম। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস সোবহান তরফদার।
জামালপুর প্রতিনিধি জানান, রায়ের প্রতিক্রিয়ায় শহীদ নুরুল মল্লিকের স্ত্রী রৌশনারা বেগম গতকাল বলেন, ‘রায়ে আমি খুশি। রায় দ্রুত কার্যকরের অপেক্ষায় রইলাম।’ আজিজুর রহমান তাঁর মামা শহীদ নুরুল মল্লিককে নির্যাতন করে হত্যার অভিযোগে প্রথম ১৯৯৮ সালে জামালপুরের ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধকালে একদিন আলবদর বাহিনীর প্রধান আশরাফ হোসাইনসহ কয়েকজনের সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে মামার ঝগড়া হয়। এরপর আলবদর আশরাফ হোসাইনের নেতৃত্বে মামাকে বাড়ি থেকে ধরে নিয়ে শহরের একটি ওষুধের দোকানে নির্যাতন করে হত্যা করা হয়েছিল।’ তিনি বলেন, ‘পলাতক ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হলে মামার আত্মা একটু হলেও শান্তি পাবে।’
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামালপুরের যুদ্ধাপরাধীদের এই রায়ে তাঁরা খুশি। তবে এখনো পলাতক আসামিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। পলাতক আসামিদের ধরে রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
আনন্দ মিছিল: জামালপুরের আটজনের শাস্তির খবর শোনার পর গতকাল শহরে আনন্দ মিছিল ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গণজাগরণ মঞ্চ জামালপুর জেলা শাখার আহ্বায়ক তানভীর আহম্মেদের নেতৃত্বে শহরে এই আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে তাঁরা সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।