তিনজনের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর, ঝালকাঠির নলছিটি ও গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: পৌর এলাকার বুজরুক গড়গড়ি মহল্লার মিকাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (২৮) গত মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাতেই পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। পরে গতকাল সকাল ১০টার দিকে সরকারি আদর্শ মহিলা কলেজের পাশে গোলাম নবীর আমবাগানে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে তাঁর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, লাশের আলামত দেখে আত্মহত্যা বলেই মনে হয়েছে।
ঝালকাঠি: নলছিটির নান্দিকাঠি গ্রামের মো. আল আমিন (৩৪) মঙ্গলবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল সকালে দরজা খোলা দেখে পরিবারের সদস্যরা ভেতরে ঢুকে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পেছনের একটি বাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। থানার এসআই মাইনুল ইসলাম বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না।
ফরিদপুর: গোপালগঞ্জের সদর উপজেলার সাতপাড় উত্তরপাড়ার বিলে গতকাল সকালে স্থানীয় লোকজন অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা।