তিনজনের লাশ উদ্ধার, আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদী থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কেরানীগঞ্জ (ঢাকা): পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল সকালে হাসনাবাদ জামে মসজিদ-সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও হালকা খয়েরি অর্ধহাতা শার্ট। লাশের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি মধুরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির লাশ ভাসতে দেখে থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশের পরনে ছিল কালো ট্রাউজার। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার ওসি মজিবর বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করেছে।
নবাবগঞ্জ (ঢাকা): বেলা সাড়ে ১১টার দিকে ইছামতী নদীর কোমরগঞ্জ-বাহ্রা সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। থানার উপপরিদর্শক মোশফিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ (ঢাকা): ফতুল্লায় গত রোববার রাতে রনি (২৪) নামের এক যুবককে কুপিয়ে জখম করেন মাদক ব্যবসায়ীরা। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, রনিকে দিয়ে মাদক বিক্রি করাতে চেয়েছিলেন মাদক বিক্রেতা রাকিবসহ অন্যরা। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।