তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আরও তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।
গতকাল পৃথক তিনটি আদালত এ মামলায় গ্রেপ্তার হওয়া মনির হোসেন, হারুন ও মেহেদী হাসানের জবানবন্দি গ্রহণ করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মুহিতুল আলম জানান, মহানগর হাকিম মো. তসরুজ্জামান, এস এম আশিকুর রহমান ও ওয়ায়েজ কুরনী খান চৌধুরী তাঁদের নিজ নিজ খাসকামরায় ওই তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে ওই তিনজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
এ ছাড়া, এই মামলায় গ্রেপ্তার হওয়া নূরে আলম সিদ্দিকীকে দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শামীম হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর চারজন হলেন নজরুল ইসলাম ওরফে জুয়েল, রানা হাওলাদার, নাজিমুল হক মিঠু এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক উপাচার্য এম এ হান্নান ফিরোজ।
এর আগে এই মামলায় রানা হাওলাদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে ১৬ জুলাই ধানমন্ডির বাসা থেকে হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়। ৮ জুলাই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি সাতজনকে আটক করে র্যাব।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক গত ১৯ জুন সকালে কর্মস্থলে যাওয়ার সময় ধানমন্ডির ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের পাশে হামলার শিকার হন। হামলাকারীরা গুলি করলে তাঁর বাঁ হাতে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ এনামুলকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ২০ জুন তাঁর চাচা নাসির উদ্দিন বাদী হয়ে ধানমন্ডি থানায় এই মামলা করেন।