তিনজনের হজে যাওয়ার আবেদন বাতিল
মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা থাকায় একজনের হজে যাওয়ার আবেদন বাতিল করা হয়েছে। এই তিনজন হচ্ছেন বাগেরহাটের ইউসুফ আলী আকন্দ ও নেত্রকোনার ওবায়দুল হক তাহের এবং চাঁপাইনবাবগঞ্জের মো. ইয়াছিন। এর মধ্যে ইউসুফ আলী আকন্দ ও ওবায়দুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগে নিজ নিজ থানায় মামলা রয়েছে। আর ইয়াছিন স্থানীয় সন্ত্রাসী বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। প্রধান হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, এই তিনজনের ভিসার আবেদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রায় ৯৪ হাজার জন আবেদন করেছেন। এঁদের মধ্যে প্রায় তিন হাজার আবেদনে ভুলত্রুটি পাওয়া গেছে। এগুলোর মধ্যে প্রায় অর্ধেকের আবেদন বাতিল হতে পারে।