তিনটি অনলাইন পত্রিকার উন্নয়নে প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রাঙামাটির তিনটি অনলাইন পত্রিকার উন্নয়নে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যক্তিমালিকানাধীন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা প্রচারমাধ্যমকে উন্নয়ন বরাদ্দ দেওয়া অনৈতিক বলে উল্লেখ করেছেন বোর্ডের একাধিক কর্মকর্তা।
জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয়ের সভাকক্ষে বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
অনুমোদিত প্রকল্পের তালিকায় দেখা যায়, রাঙামাটি জেলার প্রকল্পগুলোর মধ্যে ১৯, ২০ ও ২৫ ক্রমিকে সিএইচটি নিউজ ২৪ ডটকম অফিস ভবন নির্মাণ এবং কম্পিউটার ও আসবাব সরবরাহের জন্য ১৫ লাখ টাকা, হিল বিডি ২৪ ডটকমের অফিসের জন্য কম্পিউটার সামগ্রী, আসবাব, অফিস স্টেশনারি/সরঞ্জাম সরবরাহে তিন লাখ টাকা এবং সিএইচটি টুডের আসবাব ও প্রযুক্তি সরবরাহের জন্য তিন লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সিএইচটি নিউজ ২৪ ডটকমের সম্পাদক মো. শামসুল আলম মুঠোফোনে বলেন, ‘আমি আবেদন করেছি, তারা কত দিয়েছে তা এখনো জানি না।’
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে বলেন, ‘প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক উন্নয়ন করতে গেলে প্রতিষ্ঠান আছে কি না, তা দেখা দরকার।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ ধারার ৯-এর কার্যাবলি অংশের (ক)-তে উল্লেখ আছে, ‘পার্বত্য জেলার জনসংখ্যা, আয়তন, অনগ্রসরতা বিবেচনা করে পার্বত্য জেলাগুলোর উন্নয়নের জন্য প্রকল্প ও স্কিম প্রণয়ন করা।’ সে ক্ষেত্রে কোনো ব্যক্তি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে উন্নয়ন প্রকল্প দেওয়া বোর্ড আইনের পরিপন্থী।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, ‘আইনে কোথাও দেওয়া যাবে না তা লেখা নেই। তবে দেওয়া যাবে তাও লেখা নেই।’
পরে তিনি বোর্ডের কমিটি প্রকল্পগুলো বাছাই করে উল্লেখ করেন এবং বর্তমানে বান্দরবানে আছেন জানিয়ে বলেন, ‘এখন কাগজপত্র হাতে নেই। আইনে কী আছে তা দেখে বলতে হবে। আইন সব সময় পরিবর্তনশীল। তাই সবকিছু মনে থাকে না।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা দেশের বাইরে থাকায় কথা বলা যায়নি।