তিনটি অবৈধ রড কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে রড উৎপাদনের জন্য রাজধানীতে তিনটি এমএস রডের উৎপাদন প্রতিষ্ঠানকে গতকাল বুধবার দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং মহানগর পুলিশের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

আদালতটি রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার কদমতলীতে রডের কারখানাগুলোতে অভিযান চালায়। বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদিত হচ্ছিল। এমএস রড বিএসটিআইয়ের ১৫৫টি অত্যাবশ্যকীয় পণ্যের অন্যতম। বাজার থেকে অবৈধভাবে সংগ্রহ করা স্ক্র্যাপ ব্যবহার করে এসব রড তৈরি করা হতো। এগুলোর পরিশোধন ও মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এই অপরাধে কদমতলীর ফেমাস স্টিল লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এই এলাকার রেদোয়ান স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডকে ৪০ হাজার টাকা এবং আল-নূর কাস্টিং রি-রোলিং মিলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহবুব জামিল অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক জাহিদুর রহমান ও আসিফ খান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।