তিনটি অভয়ারণ্য পেল সুন্দরবনের ডলফিন
সুন্দরবনে বিরল প্রজাতির ডলফিনসহ জলজ প্রাণী সংরক্ষণ ও বংশবৃদ্ধির স্বার্থে তিনটি এলাকাকে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। ফলে এখন থেকে ওই তিনটি এলাকার প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ নদী-খালে মৎস্য আহরণ নিষিদ্ধ বিবেচিত হবে।গত ২৯ জানুয়ারি জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী তিনটি এলাকা হচ্ছে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী অভয়ারণ্য এবং চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ও চাঁদপাই অভয়ারণ্য।বন বিভাগের নিজস্ব গবেষণা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুযায়ী, সুন্দরবনের ওই তিনটি এলাকা বিরল প্রজাতির গাঙ্গেয় ডলফিন ও ইরাবতি ডলফিনসহ চার ধরনের ডলফিনের উপযুক্ত বিচরণক্ষেত্র। এই এলাকাগুলো সংরক্ষিত থাকলে এখানে চিংড়িসহ বিভিন্ন মাছের বংশবৃদ্ধি ঘটবে। ফলে সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের সুগভীর এলাকায় (সোয়াচ অব নো গ্রাউন্ড) বিচরণকারী আরও চার প্রজাতির ডলফিন ও অন্তত দুই প্রজাতির তিমিজাতীয় খাদ্যের জোগান বাড়বে। স্থানীয় সূত্র জানায়, অভয়ারণ্য তিনটির মোট আয়তন প্রায় এক হাজার ৭০ হেক্টর, যার দৈর্ঘ্য জলপথে প্রায় ৩৪ কিলোমিটার হলেও কোথা থেকে তা শুরু আর কোথায় গিয়ে শেষ, তার সীমানা নির্ধারণ করা হয়নি। অন্যদিকে ঢাংমারী ও চাঁদপাই রেঞ্জ এলাকাটির আশপাশে জনবসতি রয়েছে। স্থানীয় জেলেদের ওই এলাকায় মাছ ধরা থেকে বিরত রাখাও বেশ কঠিন।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, পুরো ৩৪ কিলোমিটার এলাকাকে শুরুতে অভয়ারণ্যে পরিণত করা যাবে না। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় পণ্যবাহী জলযান চলাচলের পথ কুমারখালী নদী ভরাট হওয়ায় এখন এসব জলযান সুন্দরবনের ভেতর দিয়ে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে বলেশ্বর নদে পৌঁছাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এই এলাকা দিয়ে একটি নৌ-রুটও চালু করেছে। প্রতিদিন ২৫ থেকে ৩০টি মালবাহী কার্গো ও তেলবাহী ট্যাংকার ওই পথ দিয়ে চলাচল করছে। বন বিভাগ থেকে এরই মধ্যে এই নৌযান চলাচলের ফলে সুন্দরবনের ডলফিনসহ অন্যান্য বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে উল্লেখ করে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে।‘বাংলাদেশ সেটাসিয়ান ডাইভারসিটি প্রকল্পের’ সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, সুন্দরবনে ডলফিনের জন্য তিনটি অভয়ারণ্য ঘোষণা করায় এখানে ডলফিন সংরক্ষণের নিশ্চিত সম্ভাবনা সৃষ্টি হয়েছে।