তিনটি অ্যাম্বুলেন্স বোট হস্তান্তর করলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ কোস্টগার্ডকে তিনটি ‘অ্যাম্বুলেন্স বোট’ হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার কর্ণফুলীর দক্ষিণ পারে অবস্থিত কোস্টগার্ড সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের কাছে অ্যাম্বুলেন্স তিনটি হস্তান্তর করেন।অ্যাম্বুলেন্স বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের বিকাশে বাংলাদেশকে বুদ্ধি ও পরামর্শ দেওয়া। তিনি ২০১১-১২ অর্থবছরে বঙ্গোপসাগর থেকে ৭০০ কোটি টাকার অবৈধ পণ্য আটক করার জন্য কোস্টগার্ড সদস্যদের ধন্যবাদ জানান।শামসুল হক বলেন, বঙ্গোপসাগর অফুরন্ত সম্পদের আধার। এই সম্পদ, সুন্দরবনের পরিবেশ রক্ষা, জাটকা নিধন ও দেশি-বিদেশি জাহাজের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কোস্টগার্ডের। একটি যুগোপযোগী বাহিনী হিসেবে সরকার কোস্টগার্ড গড়ে তুলছে।বিশেষ অতিথি ড্যান মজীনা বলেন, বাংলাদেশের জলসীমা যদি আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত ও নিরাপদ হয়, তাহলে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে বীরদর্পে প্রবেশ করতে সক্ষম হবে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বাংলাদেশ আগামী দু-এক দশকেই অর্থনীতিতে পরবর্তী এশিয়ান বাঘে পরিণত হতে পারে। অ্যাম্বুলেন্স বোটগুলোর বৈশিষ্ট্য তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এই নৌযানগুলা অ্যাম্বুলেন্স ও নিয়মিত টহল নৌযান হিসেবে ব্যবহার করা হতে পারে। এগুলো নদীপথ এবং উত্তাল ও উঁচু ঢেউসম্পন্ন বঙ্গোপসাগর উভয় ক্ষেত্রেই যেন কাজ করতে পারে, সেভাবে নির্মাণ করা হয়েছে। এগুলো যেকোনো প্রতিপক্ষকে দ্রুত তাড়া করতে সক্ষম। তা ছাড়া রোগী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে এগুলো কোস্টগার্ডের সামর্থ্য আরও বাড়াবে।সভায় অন্যান্যের মধ্যে ইউএস ওয়েস্টার্ন পেসিফিক লজিস্টিক কমান্ডার টমাস এফ কার্নি ও কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সারোয়ার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ১১ দশমিক ৬ মিটার দীর্ঘ এবং ৩ দশমিক ৫ মিটার প্রস্থ এসব অ্যাম্বুলেন্স শীতাতপনিয়ন্ত্রিত। এগুলো সর্বোচ্চ ৪৮ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। চারজন নাবিক বসার পাশাপাশি এখানে দুজন রোগীকে সেবা দেওয়া সম্ভব। তিনটি অ্যাম্বুলেন্স বোট দেওয়া ছাড়াও বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে মার্কিন আর্থিক সহযোগিতায় কোস্টগার্ডের ১৯টি স্টেশন নির্মাণের কাজ চলছে বলে সভায় উল্লেখ করা হয়।