তিনটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। সংস্থাগুলো হচ্ছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ-হল্যান্ড), অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এবং মুসলিম এইড (ইউকে)।মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে উৎসাহ, তাদের অবৈধভাবে সেবা প্রদান এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানোর দায়ে ওই তিনটি সংস্থার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকায় কোনো সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য এনজিওবিষয়ক ব্যুরোর অনুমোদন প্রয়োজন। এ তিনটি সংস্থার ক্ষেত্রে তা করা হয়নি। তা ছাড়া এসব সংস্থা শর্ত লঙ্ঘন করে সীমান্ত এলাকায় দেশবিরোধী কার্যকলাপ পরিচালনা করেছে। এ কারণে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্র জানায়, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে অনুপ্রবেশকারী কয়েক হাজার রোহিঙ্গা বস্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে এমএসএফ-হল্যান্ড। টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরসহ ওই এলাকার লেদা গ্রামে আরেকটি রোহিঙ্গা বস্তিতে কাজ করে এসিএফ। আর মুসলিম এইড টেকনাফের বিভিন্ন সীমান্তে শিক্ষা ও উন্নয়নমূলক কাজ চালাচ্ছে।জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, গত ৩০ জুলাই জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার সেলিনা কাজী স্বাক্ষরিত এক নোটিশে তিনটি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়েছে, এনজিওবিষয়ক ব্যুরোর অনুমোদন না নিয়ে ওই তিনটি সংস্থা কক্সবাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে অবস্থান করা মিয়ানমারের নাগরিকদের সেবা প্রদান, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন নেতিবাচক তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার, রোহিঙ্গাদের মধ্যে রেশন বিতরণ ও আর্থিক সহায়তা, বিদেশ গমনসহ বিভিন্ন লোভনীয় সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করে। একই সঙ্গে বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গাদের আগমনে উৎসাহ দেওয়ার মতো অনভিপ্রেত কার্যক্রম চালাচ্ছে। তাই তিনটি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। মুসলিম এইড-ইউকের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মুসলিম এইড সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে।টেকনাফ ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, নোটিশপ্রাপ্তির পর মুসলিম এইড কার্যক্রম বন্ধ করে দিয়েছে।