আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) গতকাল বুধবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। প্রথম দিনেই দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা-১৭, রংপুর-১ ও রংপুর-৩ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। আর জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ ও তাঁর স্ত্রী রত্না আমিন বরিশাল-৬ আসনের জন্য ফরম কিনেছেন।
সন্ধ্যায় জাপার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনে মোট ১৯২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে গতকাল রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ের গলিতে নেতা-কর্মীরা সমবেত হন। কার্যালয়ের সামনে দুপুর থেকেই মাইকে উচ্চ স্বরে হিন্দি গান বাজানো হয়।
বিকেল সাড়ে চারটার দিকে এরশাদ বনানীর কার্যালয়ে এসে মনোনয়ন ফরম কেনেন। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন জাপা ভাঙছে কি না এবং বিএনপি নির্বাচনে না এলে জাপা অংশ নেবে কি না। এরশাদ এর উত্তর না দিয়ে বলেন,‘আমি তিনটি আসনের জন্য ফরম কিনেছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো।’