তিনটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণাধীন অবস্থায় পরিত্যক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলায় নিম্নমানের কাজের কারণে ৯০ শতাংশ নির্মাণকাজ শেষ হওয়া তিনটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স (ইউপি) ভবন প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রায় সোয়া দুই কোটি টাকার ভবন নির্মাণকাজের দুই-তৃতীয়াংশ বিল তুলে নেওয়া হলেও ভবনগুলো নির্মাণ শেষে ব্যবহার উপযোগী হওয়ার সম্ভাবনা নেই বলে স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেছেন।
আবার ব্যবহার উপযোগিতা নিয়ে অনিশ্চিত ওই ইউপি ভবনগুলোর দুটি ভবনের ছাদেই ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের কাজে নির্মাণাধীন অবস্থায় পরিত্যক্ত ভবনের ছাদে বিলাসবহুল বিশ্রামাগার নির্মাণের বিষয়টি এখন থানচিতে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
থানচি উপজেলা প্রকৌশলী শরিফুল ইসলাম নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেছেন, দরজা-জানালা নির্মাণসহ কাঠের কাজের কিছু সমস্যা থাকায় সেগুলো পরিবর্তনের জন্য ঠিকাদারদের তাগিদ দেওয়া হবে। অর্থ বরাদ্দের অভাবে কাজ শেষ করতে না পেরে ভবনগুলো পরিত্যক্তের মতো পড়ে রয়েছে।
প্রকৌশলীরা জানিয়েছেন, ২০১০ সালে ৭৮ লাখ ৪৪ হাজার টাকায় রেমাক্রি, ৭৭ লাখ ৮৮ হাজার টাকায় তিন্দু ও ৬১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে থানচি সদর ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। দুর্গম এলাকা বিবেচনা করে ১৫ থেকে ২০ শতাংশ উর্ধ্ব মূল্যে দরপত্র আহ্বান করা ভবন নির্মাণের কাজ ২০১১ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অর্থ বরাদ্দ না পাওয়ায় এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।
থানচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান উবামং মারমা বলেন, ভবনগুলোর নির্মাণকাজের শুরু থেকে স্থানীয় লোকজন নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ করে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ (বর্তমানে বদলি) বলেন, ইউপি ভবন নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে নির্মাণাধীন ভবনগুলো ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি গত বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও থানচি ইউপি চেয়ারম্যান মাংছার ম্রো বলেন, ভবনগুলোর কাজ এতই নিম্নমানের হয়েছে যে নির্মাণ শেষ হলেও ব্যবহার উপযোগী হওয়ার সম্ভাবনা কম। থানচি সদর ইউপি ভবনের দরজা-জানালাসহ কাঠের কাজের পরিবর্তন এবং মূল কাঠামো ও ছাদের সংস্কার করা হলে ব্যবহার উপযোগী হয়ে উঠতে পারে। কিন্তু নিম্নমানের ইট, সিমেন্টের পরিমাণ কম ও স্থানীয় বালু ব্যবহার করে নির্মাণাধীন রেমাক্রি ও তিন্দু ইউপি ভবন ব্যবহার উপযোগী হওয়ার সম্ভাবনা নেই বলে রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেছেন।
থানচি উপজেলা প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, দুর্গম এলাকায় কিছু উনিশ-বিশ হলেও কাজ এত নিম্নমানের হয়নি। ইউএনও ও স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কয়েকবার তদন্ত হয়েছে। তদন্তে কিছু কাজে আপত্তি করা হলেও ভবন নির্মাণের সামগ্রিক কাজে সবাই সন্তুষ্ট বলে তিনি দাবি করেন।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম থানচি ইউপি ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগের কথা স্বীকার করে বলেছেন, দুর্গম এলাকায় কাজ করা অত্যন্ত কঠিন। ভবনগুলোর বাকি ১০ শতাংশের কাজ বৃষ্টিপাত কমলে ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে শুরু করা হবে।