তিনটি ইউনিয়ন পরিষদের ভবন নেই, দুর্ভোগ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের তিনটিরই কোনো ভবন নেই। এতে পরিষদ থেকে সেবা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়নের মধ্যে দামপাড়া, কারপাশা, জারুইতলা ও গুরুই ইউনিয়ন পরিষদের ভবন আছে। আর নিকলী সদর ইউনিয়নের নিজস্ব ৭ শতাংশ জায়গায় দুটি আধাপাকা ভবনে কোনো রকমে কাজ চলছে। আর চাতিরচর ও সিংপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে চেয়ারম্যানদের বাড়িতে।
সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামের কৃষক ইসরাইল মিয়া বলেন, যেকোনো সেবা পেতে তাদের তিন কিলোমিটার দূরে সিংপুর গ্রামে চেয়ারম্যানের বাড়িতে যেতে হয়। পরিচয়পত্র, ভিজিডির চাল, ভিজিএফের চাল, কৃষিবিষয়ক পরামর্শ ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেতে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ ইসলাম বলেন, নিজস্ব ভবন না থাকায় তাঁর বাড়ির একটি কক্ষে পরিষদের কার্যক্রম চালাতে হচ্ছে। ইউনিয়নে শিক্ষা, পরিবার পরিকল্পনা, কৃষিসহ মোট ১৩টি স্থায়ী কমিটি রয়েছে। কিন্তু এসব কমিটির কার্যক্রমের কোনো রকম সুফল এলাকার লোকজন পাচ্ছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, সিংপুর ইউনিয়নে ভবন নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা আছে। ছাতিরচর ও নিকলী সদর ইউনিয়নের জায়গা সংকট রয়েছে। সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।