তিনটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর তিনটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ ঝুলে গেছে। ওই তিনটি কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান আংশিক কাজ করার পর কার্যক্রম গুটিয়ে চলে যায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করা হয়। কর্তৃপক্ষ অবশ্য বলছে, শিগগিরই নতুন করে দরপত্র আহ্বান করা হবে।নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর, বেগমগঞ্জের কাদিরপুর ও হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এই তিনটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউনিয়ন তিনটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তিনটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। বর্তমান সরকারের সময়ে দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ দেওয়া হয়।সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মেসার্স জাফর ওভারসিজ স্বাস্থ্যকেন্দ্র তিনটির কাজ আংশিক করে কার্যক্রম গুটিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে গত বছরের ২৪ জুলাই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কার্যাদেশ বাতিল করেন। এতে স্বাস্থ্যকেন্দ্র তিনটির নির্মাণকাজ ঝুলে যায়।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, তিনটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছিল দুই কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮৫৬ দশমিক ৫২ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান নবীপুর স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু করে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর, বুড়িরচরে ২১ ডিসেম্বর ও কাদিরপুরে ২০১০ সালের ২৪ জানুয়ারি। এর মধ্যে নবীপুর স্বাস্থ্যকেন্দ্রের কাজ ৫৭ শতাংশ, কাদিরপুরে ৫০ শতাংশ ও বুড়িরচরে মাত্র ২০ শতাংশ কাজ করেছে প্রতিষ্ঠানটি।নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘গ্রামে হাসপাতাল হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। মনে করেছিলাম এবার আমাদের কষ্ট দূর হবে। অসুস্থ হলে আর কষ্ট করে শহরে যেতে হবে না। কিন্তু এখন ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের কষ্ট বোধ হয় শেষ হবে না।’নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, অজয়পাড়া গ্রামে হাসপাতাল হবে শুনে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষজনের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ না করে চলে যাওয়ায় সবাই হতাশ।কাদিরপুর ইউপি চেয়ারম্যান মো. নুরনবী ও বুড়িরচর ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারকও এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বেণী মাধব নাথ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় এরই মধ্যে কার্যাদেশ বাতিল করা হয়েছে। তারা যেটুকু কাজ করেছে তার হিসাব-নিকাশ চলছে। শিগগিরই নতুন করে দরপত্র আহ্বান করা হবে।