তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
মুন্সিগঞ্জে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া পরিবেশ বিনষ্টের অপরাধে ওই তিন ইটভাটার মালিকদের কাছ থেকে ১১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার এনফোর্সমেন্টের আওতায় এই দণ্ড ও আদেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ইটভাটা তিনটি হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মেসার্স সামাদ ব্রিকস, লৌহজং উপজেলার মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ড ও মেসার্স বেপারী ব্রিক ফিল্ড। তিনটির মালিক যথাক্রমে সোহেল রানা, মো. ইউসুফ ও মাসুদুর রহমান।মেসার্স সামাদ ব্রিকস ফিল্ডের মালিককে পাঁচ লাখ টাকা, মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ডকে তিন লাখ টাকা ও মেসার্স বেপারী ব্রিক ফিল্ডকে তিন লাখ টাকা করে এই মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর মেসার্স সামাদ ব্রিকস ইটভাটার দুই লাখ ইট ও ৪০ হাজার ঘনফুট মাটি জব্দ করেছে। মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ড ও মেসার্স বেপারী ব্রিক ফিল্ডকে আগামী ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ভবিষ্যতে পরিবেশ আইন লঙ্ঘন করা হলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং মামলা দায়ের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে—এই মর্মে ইটভাটার মালিকদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।