তিনটি ইটভাটা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গভীর অরণ্যে গড়ে তোলা তিনটি ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ওই ভাটাগুলো থেকে প্রায় সাত হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। যে ভাটাগুলোতে অভিযান চালানো হয় সেগুলো হলো: সোনাইছড়ি ইউনিয়নের চিংথোয়াই পাড়ার মো. দিদারের মালিকানাধীন ডিএবি ব্রিকস, মারোগ্যা পাড়ার মো. মনজুর আলমের এমএফজি ব্রিকস ও রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রহিমের এসএমবি ব্রিকস। অভিযানে কাঠ জব্দ করা ছাড়াও এসব ভাটার কার্যক্রম বন্ধ রাখতে ও আগামীকাল চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হতে মালিকদের নোটিশ দেওয়া হয়েছে।এর আগে গত ৪ জানুয়ারি ডিএবি, এমএফজি ও সদর ইউনিয়নের বিছামারা এলাকার মো. জহির আলমের জেডআরসি ব্রিকসের নিষিদ্ধ ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়ে অর্থ জরিমানা করা হয়।নাইক্ষ্যংছড়ি ১৫ বিজিবির উপসহকারী পরিচালক মো. আবদুল আউয়ালের নেতৃত্বে গতকালের অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন অর রশীদ, বন বিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবদুল হামিদ, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, আইন লঙ্ঘন করে বনের ভেতর ইটভাটা স্থাপন করায় এর আগে তিনটি ভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া ছাড়াও এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্দেশ অমান্য করে আবারও কার্যক্রম শুরু করায় ১৫ বিজিবির কমান্ডিং অফিসারের নির্দেশে নতুন করে এই অভিযান চালানো হয়েছে।